যশোরে ইয়াবার একটি বড় চালান নিয়ে ধরা পড়েছেন চট্টগ্রামের রেলওয়ে পুলিশের মহিবুর রহমান রিমন নামে এক সদস্য। তাকে গ্রেফতারের আট ঘণ্টা পর সোমবার বিকেলে জানা যায় তিনি এক জন পুলিশ সদস্য।
যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে যশোর সদরের মনোহরপুর এলাকায় ঢাকা মহাসড়কে সোহাগ পরিবহণের একটি বাসে অভিযান চালানো হয়। এসময় মহিবুর রহমান নামে ওই যাত্রীর ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটকের সময় ওই যাত্রী জানিয়েছিলেন তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার কুমিরা ইউনিয়নের মাছিজিদ্দা গ্রামের শাহ আলমের পুত্র। পরে সোমবার বিকেলে আদালতে সোপর্দের রিমান্ড আবেদনকালে যশোর কোতয়ালি থানা পুলিশের কাছ থেকে জানা যায় তিনি এক জন পুলিশ সদস্য।
এদিকে সোমবার বিকেলে আটক মহিবুর রহমান রিমনকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় জানতে চাইলে তিনি জানান, তিনি (রিমন) পুলিশের চট্টগ্রাম রেঞ্জে কর্মরত। তার বর্তমান কর্মস্থল চাঁদপুর রেলওয়ে স্টেশন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, যশোরের জন্য ওই মাদক নিয়ে আসছিলেন মহিবুর রহমান রিমন। তিনি বাদি হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় সোমবার মামলা করা হয়েছে।
