‘নির্বাচনে ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বিএনপির’

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সরাসরি ভোটে বিএনপি থেকে কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থীর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে। এর মাধ্যমে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।

মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, দেশে নারী শিক্ষা ও পেশাজীবী অঙ্গনে নারীদের যে অবস্থান, তা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরেই এগিয়েছে। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নারী জাগরণ ঘটবে।

তিনি বলেন, জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের সামনে যে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলায় অভিজ্ঞ নেতৃত্ব অপরিহার্য।

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের রাজনৈতিক কৌশল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সেলিমা রহমান বলেন, জামায়াত একটি ধর্মভিত্তিক দল। তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই অপশক্তির বিরুদ্ধে নারীদেরই বড় ভূমিকা রাখতে হবে। গ্রামের মা-বোনদের কাছে গিয়ে সত্য তুলে ধরতে হবে।

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, বাগেরহাটের আহবায়ক এম এ সালাম, সাতক্ষীরার আহবায়ক রহমত উল্লাহ পলাশ, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত