চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আহত ৩

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত জয়নুর গোবিন্দহুদা গ্রামের মৃত জড়– ম-লের ছেলে।

হামলায় আহতরা হলেন নিহত জয়নুরের দুই চাচা খাজা আহমেদ (৫৭) ও জাহীর (৫০) এবং খাজা আহমেদের  ছেলে  দিপু (১৬)। তারা  হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল মঙ্গলবার গোবিন্দহুদা গ্রামের মাঠে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের নূরুল হক পেশকার গ্রুপ এবং মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার নূরুল হক পেশকার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাঠে কাজ করা প্রতিপক্ষ মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের জয়নুরসহ ৪ জনকে পেয়ে ধারালো অস্ত্র ও শাবল দিয়ে কুপিয়ে, বেধড়ক পিটিয়ে জখম করে।

আহত চারজনকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাপলা খাতুন জানিয়েছেন, আহতদের মধ্যে খাজা আহমেদ ও দিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত