তালতলীর সরকারি খাস জমি দখলদারদের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পিএম

বরগুনার তালতলীতে কচুপাত্রা বাজারে সরকারি খাস জমি দখলের অভিযোগে ৩ জনসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে ভূমি আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সরকারি জমি জবরদখল করে দোকান নির্মাণের ঘটনায় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা উচানী বাদী হয়ে এ মামলা করেন। 

মামলার অভিযোগে অভিযুক্তরা হলেন- এনামুল হক মধু মৃধা (৪৭), কামাল ফকির (৪৫) ও মো. রেগান (৪০)। তারা সবাই পচাকোড়ালিয়া ইউনিয়ন ও কচুপাত্রা এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শরিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে সরকারি খাস জমি জবরদখল করে আসামিরা দোকান নির্মাণ করছেন। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর উপজেলা ভূমি অফিস থেকে বারবার নিষেধ করা হলেও তারা দখল ছাড়েননি। পরে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা উচানী ঘটনাস্থলে গিয়ে দেখেন সরকারি খাস জমির উপর দোকান নির্মাণ হচ্ছে। নিষেধ করলেও তারা কাজ বন্ধ না করে কর্মকর্তাকে হুমকি দেয়। 

ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা উচানী বলেন, তারা সরকারি খাল ও জমি দখল করে বালু ভরাট করেছে। এরপর সেই স্থানে অবৈধভাবে দোকান নির্মাণ করলে আমরা বাধা দিলে তারা আমাদের হুমকি দেয়। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানালে তারা নিয়মিত মামলা করার জন্য থানায় পাঠায়, এবং আমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে মামলা দায়ের করি।

এ বিষয়ে অভিযুক্ত এমাদুল হক মধুর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (অ,দা) রোকনুজ্জামান খান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে আসার পরে বারবার নিষেধ করলেও তারা ফেরেনি এরপরে আমরা ভূমি আইনে নিয়মিত মামলা দিয়েছি।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সরকারি খাস জমি দখলের বিষয়ে একটি মামলা আজকের তারিখে হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত