চীনা অস্ত্র নির্মাতাদেরকে এআই প্রযুক্তি ব্যবহারের আহ্বান

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম

চীনা অস্ত্র নির্মাতাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের আহ্বান জানিয়েছে দেশটির রাষ্ট্রায়াত্ত একটি প্রতিরক্ষা শিল্প সাময়িকী। তাদের দাবি, নির্মাতাদের উচিত অস্ত্র উন্নয়নে এআই ব্যবহারের সম্ভাবনা অনুসন্ধান করা। এতে দক্ষতা ও গুণগত মান উন্নত হতে পারে।

তবে সাময়িকীটির সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত প্রতিবেদনে এআই প্রযুক্তির ঝুঁকি ও চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, এআই ব্যবহার সতর্কতার সঙ্গে গ্রহণ করা উচিত।

চীনের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা বলছেন, কার্যকারিতা ও মান উন্নয়নের জন্য অস্ত্র উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যেতে পারে। চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপের (নোরিনকো) প্রকাশিত রাষ্ট্রায়াত্ত সাময়িকী মডার্ন ওয়েপনারিতেও এআই ব্যবহার নিয়ে সম্ভাবনা ও ঝুঁকির বিষয়টি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এআইয়ের ব্যবহার অস্ত্রের ডিজাইন ও সিমুলেশন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে ইতিহাসভিত্তিক তথ্য বিশ্লেষণ, ডিজাইন অ্যালগরিদম উন্নীতকরণ এবং পরামর্শ পাওয়া সহজ হয়। এআইয়ের মাধ্যমে আর্টিলারির মতো পুরনো সিস্টেমকে আরও সঠিক লক্ষ্যনির্ধারণ ও প্রজেক্টাইলের যথার্থতা বাড়িয়ে বিস্তৃত ফায়ারিং টেবিল তৈরি করা সম্ভব। এছাড়াও রিয়েল-টাইম সেন্সর ডেটা ব্যবহার কার্যকারীতা আরও উন্নত করা সম্ভব। 

প্রতিবেদনে আরও বলা হয়, পুরনো ও কম স্বয়ংক্রিয় সিস্টেমে এআই প্রয়োগের সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এআই ব্যবহার করে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তিতে উন্নতি সম্ভব যা ভার্চুয়াল রেপ্লিকা তৈরি করে সরঞ্জামের ত্রুটি ও সম্ভাব্য সমস্যার পূর্বাভাস বলে দেবে। এর ফলে রক্ষণাবেক্ষণ সহজ হবে ও যুদ্ধে কার্যকারিতা বাড়বে।

চীনের অস্ত্র গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়া ১৯৮০-এর দশকে ম্যানুয়াল ড্রাফটিং থেকে শুরু করে ১৯৯০-এর দশকে জে-১০ ফাইটার জেটের কম্পিউটার ভিত্তিক ডিজাইন সিস্টেম পর্যন্ত ধাপে ধাপে উন্নীত হয়েছে।

তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এআইয়ের ব্যবহারে কিছু ঝুঁকি ও সীমাবদ্ধতাও আছে। এআই মূলত বিদ্যমান তথ্য থেকে শেখে। এআই নতুন উদ্ভাবন করতে পারে না। এছাড়াও নিরাপত্তা, নির্ভরযোগ্যতা, ডেটা গোপনীয়তা ও নৈতিকতার মতো সমস্যাও এআইয়ে থাকতে পারে। এক্ষেত্রে এআই ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার প্রয়োজন। 

এদিকে, প্রতিরক্ষা খাতে এআইয়ের গুরুত্ব অনুযায়ী চীনের আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় উন্নত কম্পিউটার চিপ এবং প্রযুক্তি রপ্তানি ও বিনিয়োগ নিয়ন্ত্রণ কঠোর করেছে যুক্তরাষ্ট্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত