অদ্ভুতুড়ে নিয়ম, ২১৯ ম্যাচে ৩ জয় পাওয়া সান মারিনোও খেলতে পারে বিশ্বকাপ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পিএম

ইউরোপের ফুটবল মানচিত্রে সান মারিনো সবসময়ই ‘ছোট দল’—ফিফা র‍্যাঙ্কিংয়ে ২১০তম, অর্থাৎ একেবারে শেষ স্থান। ২১৯ ম্যাচে তাদের জয়ের সংখ্যা মাত্র তিনটি। এর একটিও আসেনি কোনো বড় টুর্নামেন্টের বাছাইপর্বে—না বিশ্বকাপে, না ইউরো চ্যাম্পিয়নশিপে।

তবুও, ফুটবলে কখনো কখনো অদ্ভুত ঘটনাও ঘটে। যেমনটা এখন ঘটছে সান মারিনোর ক্ষেত্রে—এখন পর্যন্ত ৭ ম্যাচের সবগুলো হেরে, ৩২ গোল হজম করে, গোল ব্যবধান ৩১ তবুও এখনো ২০২৬ সালের বিশ্বকাপে খেলার গাণিতিক সম্ভাবনা টিকে আছে!

কীভাবে সম্ভব?

সব কৃতিত্ব তাদের নেশনস লিগে অবিশ্বাস্য পারফরম্যান্সের। ২০২৪–২৫ মৌসুমে সান মারিনো জিতেছিল তাদের গ্রুপের দুটি ম্যাচ—দুইবার হারায় তাদের মতোই ছোটো দল লিখচেনস্টাইনকে। ড্র করে জিব্রালটারের সঙ্গে। এই সাফল্যে তারা শেষ করে নেশনস লিগ ডি–১ গ্রুপের শীর্ষে, যা তাদেরকে বিশ্বকাপ বাছাই প্লে-অফে সম্ভাব্য জায়গা দিয়েছে।

চলমান বাছাইপর্বে ইউরোপ থেকে ১২টি গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপ চূড়ান্তপর্বে জায়গা করবে। এরপর গ্রুপের ১২ রানারআপ ও নেশনস লিগের চার সেরা গ্রুপজয়ী যারা এই বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপের শীর্ষ দুইয়ে থাকতে পারবে না, একটি প্লে-অফ সাইকেল খেলবে। 

জটিল সমীকরণ

নেশনস লিগে ১৪টি গ্রুপজয়ী দল আছে। তাদের মধ্যে স্পেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল, নরওয়ে, চেক রিপাবলিক ও নর্থ মেসিডোনিয়া নিজেদের গ্রুপের শীর্ষ দুইয়ে থাকায় তারা স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে প্রায় নিশ্চিত।

নেশনস লিগে গ্রুপ চ্যাম্পিয়ন বাকি ছয় দল- সুইডেন, ওয়েলস, রোমানিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, মলদোভা ও সান মারিনো- বিশ্বকাপ বাছাইপর্বে এখনো শীর্ষ দুইয়ের বাইরে, ফলে তারা প্লে-অফের জন্য যোগ্য। এই ছয়টির মধ্যে কেবল চার দল জায়গা পাবে, যেখানে সান মারিনোর অবস্থান সবচেয়ে নিচে।

সান মারিনোর জন্য এখন কী দরকার

  • ১৮ নভেম্বর নিজেদের শেষ ম্যাচে রোমানিয়ার কাছে সান মারিনোকে হারতে হবে, যাতে বসনিয়া-হার্জেগোভিনাকে টপকে শীর্ষ দুইয়ে উঠে যায় রোমানিয়া। যতো বড় ব্যবধানে হারে ততো নিজেদের জন্য ভালো সান মারিনোর। 
  • বসনিয়াকেও অবশ্য হারতে হবে গ্রুপের শীর্ষ দল অস্ট্রিয়ার কাছে। 
  • এছাড়া নর্দার্ন আয়ারল্যান্ড, যারা নেশনস লিগের ৬ গ্রুপ চ্যাম্পিয়নের একটি, তাদেরকে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে ফিরে আসতে হবে। নর্দার্ন আয়ারল্যান্ডের স্লোভাকিয়া ও লিখটেনস্টাইনের সাথে দুটি ম্যাচ বাকি, যাদেরকে তারা প্রথমপর্বে হারিয়েছিল। 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত