‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ৩৬ জন দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, সচেতন নাগরিক কমিটির সদস্য আইরিন মুক্তা অধিকারী এবং সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা আমিন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, সবার মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে। আল্লাহ সবাইকে এগিয়ে রেখেছেন। কেউ পড়ালেখায় মনোযোগী, কেউ খেলাধুলায় দক্ষ। যারা সাদাছড়ি ব্যবহার করেন, তারা প্রজ্ঞা দিয়ে পৃথিবীকে অনুভব করেন। এখন আর কেউ পিছিয়ে নেই আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। সরকার দৃষ্টিপ্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে। আমাদেরও সহযোগিতার হাত বাড়াতে হবে।
উল্লেখ্য, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের প্রতীক হিসেবে ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রে সাদাছড়ি ব্যবহারের প্রচলন শুরু হয়। পরে ১৯৬৪ সালে মার্কিন কংগ্রেস প্রতি বছরের ১৫ অক্টোবরকে ‘সাদাছড়ি নিরাপত্তা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
