নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ ও ইএমই রিক্রুট ব্যাচ-২০২৫-এর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে ৩৪৭ জন নবীন সৈনিক (রিক্রুট) সামরিক কায়দায় শপথ গ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এবং কর্পস অব ইএমই-এর কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল এস. এম. জিয়া-উল-আজিম (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওয়ারেছ খান (এসইউপি, পিএসসি)।
এ সময় নতুন সৈনিকদের দেশের উন্নয়নে আত্মনিয়োগ ও সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
ইএমই কোরের নবীন সৈনিক হিসেবে ৩১৮ জন পুরুষ ও ২৯ জন নারীসহ মোট ৩৪৭ জন ৩৬ সপ্তাহব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ মূল্যায়নে শ্রেষ্ঠ রিক্রুট নির্বাচিত হন মো. তানভীর আহমেদ (টিএভি) এবং দ্বিতীয় শ্রেষ্ঠ হন মো. আকাশ (এসি)। শ্রেষ্ঠ রিক্রুটদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
প্যারেড গ্রাউন্ডের গ্যালারিতে এ সময় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল স্তরের সামরিক কর্মকর্তা ও সদস্য এবং নবীন সৈনিকদের অভিভাবকরা উপস্থিত থেকে মনোমুগ্ধকর প্যারেড উপভোগ করেন।
