আইসিসি সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দুই ভারতীয়। দুর্দান্ত এশিয়া কাপ কাটানো অভিষেক শর্মা ছেলেদের মাসসেরা ক্রিকেটার হয়েছেন। আর নারীদের মাসসেরা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা।
এবার এশিয়া কাপ হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৭ ম্যাচে অভিষেক ৩১৪ রান করেন, যা আসর সর্বোচ্চ। এশিয়া কাপে তার গড় ছিল ৪৪.৮৫, স্ট্রাইকরেট ২০০। ফিফটি করেন তিনটি।
প্রথমবারের মতো আইসিসির মাসসেরা হয়ে অভিষেক বলেন, 'আইসিসির পুরস্কার জিততে পেরে সত্যিই দারুণ অনুভূতি হচ্ছে, বিশেষ করে যেসব গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে আমি দলের হয়ে অবদান রাখতে পেরেছি। এমন একটি দলের অংশ হতে পেরে আমি গর্বিত। টি-টোয়েন্টিতে আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সই দলের অসাধারণ সংস্কৃতি ও ইতিবাচক মানসিকতা প্রমাণ করে।'
মাসসেরার লড়াইয়ে অভিষেক পেছনে ফেলেছেন সতীর্থ কুলদীপ যাদব ও জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটকে। এশিয়া কাপে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছিলেন কুলদীপ। আর বেনেট গত মাসে নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬৫.৬৬ স্ট্রাইক রেটে ও ৫৫.২২ গড়ে করেছিলেন ৪৯৭ রান।
স্মৃতি মান্ধানা সেপ্টেম্বরে চারটি ওয়ানডে ম্যাচ খেলে ১৩৫.৬৮ স্ট্রাইক রেটে ও ৭৭ গড়ে ৩০৮ রান করেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে উপহার দেন ৫৮, ১১৭ ও ১২৫ রানের ইনিংস। মান্ধানা এ নিয়ে দ্বিতীয়বারের মতো মাসসেরা নারী ক্রিকেটারের স্বীকৃতি পেলেন।
জন্মদিনের পার্টিতে হৈচৈ করে প্রতিবেশীর শান্তি ভঙ্গের মামলায় জড়ালেন ভিনিসিয়ুস
'পাওনা বিশ্বকাপ' এর মঞ্চে ফিরে লোপেতেগুইর তৃপ্তি