চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের কাজে সহযোগিতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এমন মন্তব্য জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শাখা ছাত্রদলের আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নাছির উদ্দীন নাছির বলেন, “গতকাল ছিল আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। চাকসু নির্বাচনে ত্রুটি ও অব্যবস্থাপনা থাকা সত্ত্বেও সুন্দর ও স্বাভাবিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন নিয়ে অনেক অভিযোগ ছিল, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রায় দিয়েছে, তাই আসল। নির্বাচনে অমোচনীয় কালির ব্যবহার হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে এ বিষয়ে প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত ছিল।”
তিনি আরও বলেন, “নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট যারা ছিলেন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্যানেলের যে ইশতেহার রয়েছে তা বাস্তবায়নের জন্য কাজ করব।
নির্বাচনে আমরা ভালো ফল অর্জন না করতে পারলেও নির্বাচিতদের কাজে পাশে থাকবে ছাত্রদল। তাছাড়া শিক্ষার্থীদের সকল অধিকার আদায়ে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”
এ সময় চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ' আমরা চাকসু নির্বাচন আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম।
আমার নির্বাচিত হওয়ার পেছনে শিক্ষার্থীদের অনেক বেশি অবদান ছিল। যারা আমাকে ভোট দিয়েছে বা দেয়নি—সবার প্রতিনিধি হিসেবে কাজ করব। যারা আমার প্রতি আস্থা রেখেছে, তাদের আস্থা অনুযায়ী কাজ করব। '
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চাকসুর নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খুলনা জেলায় পাশের হার ৫৩ দশমিক ৯৮ শতাংশ