প্রশাসনিক বিষয়ে প্রকাশ্য বক্তব্য, বিবৃতি ও সংবাদ বিজ্ঞপ্তি না দিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়শনের সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান রিগ্যান, রবিউল আহমেদ, মো. জাকির হায়দার, আল রেজা মো. আমির এবং এ এইচ এম. আনামুল হকের পক্ষে অ্যাডভোকেট আবদুল্লাহ আল হাদি বৃহস্পতিবার এ নোটিশ পাঠান।
পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল যাতে প্রশাসনিক সতর্কবার্তা প্রদান করে, মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন যাতে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনে শৃঙ্খলাগত ব্যবস্থা গ্রহণ করে সেবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে যে, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন একাধিকবার প্রশাসনিক বিষয়ে প্রকাশ্য বিবৃতি এবং সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে, যা বিচারকের কোড অব কন্ডাক্ট লঙ্ঘণ করে এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা ও জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ করেছে।
নোটিশে বলা হয়েছে যে, এই ধরনের প্রকাশ্য বিবৃতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পেশাগত সীমারেখা অতিক্রম করে, বিচারকের স্বাধীনতা ও জনসাধারণের আস্থা ক্ষুণ্ন করে এবং কোড অব কন্ডাক্টের ধারা (১), (২), (৩), (৪), (৭), (১৫), (১৭), (২১), (২২), (২৪), (২৫), (৩২), (৩৫) ও (৩৯) লঙ্ঘন করে।
