লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মোস্তফিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক আব্দুল মান্নান ওরফে সাবু (৫০) সদর উপজেলার হারাটি ইউনিয়নের টেপাটারী গ্রামের মৃত আনোয়ার মাস্টারের ছেলে। তিনি লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সদর উপজেলার জিয়া পরিষদের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরে মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে আব্দুল মান্নান ও আদিতমারী কেবি বালিকা বিদ্যালয়ের শিক্ষক সামসুল আলম (৫১) মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল মান্নান নিহত হন। গুরুতর আহত সামসুল আলমকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।”
