বাংলাদেশে ব্যবসার পরিবেশে বলার মতো উন্নতি হয়নি। উল্টো গত এক বছরে আইনকানুনের তথ্যপ্রাপ্তি, অবকাঠামো-সুবিধা, শ্রমনিয়ন্ত্রণ, বাণিজ্য সহজীকরণ, প্রযুক্তি গ্রহণ ও পরিবেশগত নিয়ন্ত্রণ ও মান- এ ছয়টি সূচকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের ব্যবসা পরিবেশ সূচক বা ক্লাইমেট ইনডেক্সে (বিবিএক্স) এমন তথ্য পাওয়া গেছে। এবার দেশের ব্যবসা পরিবেশ সূচকে অর্জিত পয়েন্ট ৫৯ দশমিক ৬৯। তার মানে হচ্ছে, বাংলাদেশে ব্যবসা পরিবেশ চ্যালেঞ্জিং। গত ২০২৩-২৪ অর্থবছরে অর্জিত পয়েন্ট ছিল ৫৮ দশমিক ৭৫। এক বছরের ব্যবধানে শূন্য দশমিক ৯৪ পয়েন্ট বাড়লেও চ্যালেঞ্জিং পরিবেশ থেকে উত্তরণ ঘটেনি।
চতুর্থবারের মতো বিবিএক্স জরিপ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গুলশান অফিসে বাংলাদেশ বিজনেস ক্লাইমেট
ইনডেক্স ২০২৪-২৫ এর মোড়ক উন্মোচন করেন।
বিবিএক্সের প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতা, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিনিয়োগের অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতির চাপ, ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি ও বিনিময় হারের অস্থিরতার কারণে ব্যবসার পরিবেশ চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে।
খুচরা ও পাইকারি ব্যবসা, পরিবহন, নির্মাণ, ইলেকট্রনিকস ও হালকা প্রকৌশল, চামড়া ও ট্যানারি, কৃষি ও বনায়ন, আবাসন, খাদ্য ও পানীয়, ওষুধ ও রাসায়নিক, তৈরি পোশাক, বস্ত্র ও আর্থিক মধ্যস্থতাকারী এ ১২টি খাতের ওপর জরিপটি করা হয়েছে।
