জাকেরকে বর্ণবাদী আক্রমণের তীব্র প্রতিবাদ জানালেন সিমন্স

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০২:৩২ পিএম

এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন জাকের আলী অনিক। ব্যাট হাতে টানা ব্যর্থতা তো ছিলই, সেইসঙ্গে যুক্ত হয়েছে তার চুইংগাম চিবানো এবং অপ্রয়োজনীয় রিভিউ নেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিমানবন্দরে পর্যন্ত দর্শকদের কাছে হেনস্থা হতে হয়েছে জাকেরকে।

জাকেরের ওপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তাকে বর্ণবাদী আক্রমণ করে বসেন অনেক দর্শক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘প্রথমত বলতে চাই, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে আমি একদমই মনে করি না। ব্যক্তি হিসেবে সবারই অধিকার আছে সামাজিক মাধ্যমে যা ইচ্ছা বলার। আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেটার হিসেবে আমার ক্রিকেটারদের অবশ্যই উচিত নয় এসবের জবাব দেওয়া।’

বর্ণবাদী আক্রমণের প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে একটি কথা বলতে চাই, ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যেখান থেকেই আসেন না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু বর্ণবাদী যা ঘটেছে, জাকের আলীর প্রতি যা হয়েছে, সেসবে আমি ক্ষুব্ধ। এসব ভালো কিছু নয়। তবে বলতে পারি, আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনো ধরনের জবাব দিক।’

অবশ্য জাকেরকে নিয়ে সর্বপ্রথম বর্ণবাদী মন্তব্য করেছিলেন বিপিএল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিন, যিনি বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। ২০২৪ সালের বিপিএল চলাকালীন সময়ে তিনি বলেছিলেন, ‘জাকেরের কথাটা সবসময় আপনারা হয়ত ভুলে যান কেউ জিজ্ঞেস করেন না। ছেলেটা একটু কালো যে কারণে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। আমার মনে হয় এই ছেলেটাকে সুযোগ দেওয়া উচিত।’

জাকের অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন। তার ওর আরও একবার আস্থা রেখেছে দল। ঘরের মাঠের এই সিরিজে হেনস্থা হওয়ার দুঃখকে কি শক্তিতে পরিণত করতে পারবেন জাকের?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত