খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০০ পিএম

জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থের বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শিগগিরই তিনি বাসায় ফিরবেন। এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন।

ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহিদুল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়েছেন অধ্যাপক জাহিদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এর আগে গত ২৮ আগস্ট রাতে একই হাসপাতালে কয়েকটি পরীক্ষার জন্য গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেদিন রাতেই তিনি বাসায় ফিরেছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধরাত রাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত