গাইবান্ধায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিব মিয়া (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঢোলডাঙ্গা বাজারের পূর্ব পাশে সাজ্জাদের ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া পলাশবাড়ী উপজেলার আসমতপুর মাঠের পাড় (বিলেরপাড়) গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব মোটরসাইকেল চালিয়ে দাওয়াতে যোগ দিতে গাইবান্ধা থেকে পলাশবাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতিতে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টিভিএস মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু। 

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মোটরসাইকেল আরোহী যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। 

স্থানীয়রা জানান, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঢোলডাঙ্গা বাজার এলাকার ইটভাটা সংলগ্ন স্থানটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। প্রায়ই এখানে প্রাণহানির ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কটি প্রশস্তকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত