আওয়ামী লীগ ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে: ইশরাক

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পিএম

বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে ইউরোপ-আমেরিকাতে ৮০০ বাড়ির সন্ধান মিলেছে। একটি মানুষের ৮০০ বাড়ি কেন দরকার সেটা আমার বোধগম্য নয়।

আজ শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়েল একাডেমি মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ এতদিন যাবৎ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে প্রচারণা করেছে। ১৯৭১ সালে ২৫ মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ২৪ এর গণঅভ্যুত্থানের মতো পালিয়ে যায়। আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। তারপর সাধারণ জনগণ যখন দিশেহারা ঠিক তখনই মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযোদ্ধের ঘোষণা দেন।

তিনি আরও বলেন, আমার নেতা তারেক রহমান যদি সুযোগ পান ৩১ দফার প্রত্যেকটি দফা বাস্তবায়ন করবেন। ৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকবে না তাদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড দেওয়া হবে। বাংলাদেশের ধনী-গরিব সকল শ্রেণির মানুষ সমান অধিকার পাবে। অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল এবং আমরা কেউই ফেরেস্তা নই, যেকোনও একটি দল রাষ্ট্র ক্ষমতা থাকলে ভুল ভ্রান্তি ওয়াটাই স্বাভাবিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আপনারা সেবা করার সুযোগ দেবেন। তাহলে আমি মতলবকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।

বিশিষ্ট সমাজ সেবক জামাল উদ্দিনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস মফিজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহমেদ ও বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির মোল্লা, মতলব উত্তর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদ সোহেল, ছেঙ্গারচর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কবির সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু, মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না ও তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ বিএনপির নেতাকর্মী ও সেবা নিতে আসা জনগণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত