জামায়াতের প্রতিক্রিয়া

জুলাই সনদ স্বাক্ষরিত হলেও চ্যালেঞ্জ ও সংকট রয়ে গেছে

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পিএম

জুলাই সনদে স্বাক্ষর করা হলেও চ্যালেঞ্জ ও সংকট রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, স্বাক্ষর অনুষ্ঠানটি একটি সুন্দর সমাপ্তির সূচনা করেছে। তবে ঐকমত্য কমিশনে আমরা যে ৮৪টি ধারায় একমত হয়েছি, সেখানে কেউ কেউ ভিন্নমত পেশ করেছেন। ভিন্নমত ছাড়াই স্বাক্ষর হওয়া বেশি ভালো হত।

তিনি আরও বলেন, এ স্বাক্ষরকে সামাজিক চুক্তি বলা হচ্ছে। কিন্তু আইনি ভিত্তি ছাড়া কেবল সামাজিক চুক্তি দিয়ে আমাদের প্রত্যাশা পূর্ণ হবে না। এখানেই একটি চ্যালেঞ্জ ও সংকট রয়ে গেল।

চ্যালেঞ্জ ও সংকটের বিষয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা বলেন, প্রধান চ্যালেঞ্জ হলো এই সনদের বাস্তবায়ন কতটুকু হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া কীভাবে নির্ধারিত হবে। আমরা পাঁচ দিন ধরে আলোচনা করেছি। সমাপনী সেশনে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছিলেন, বাস্তবায়ন প্রক্রিয়ার উপর একটি সুপারিশমালা তৈরি হবে, যার খসড়া আমাদেরও দেওয়া হবে এবং সরকারের কাছেও যাবে। কিন্তু আমরা তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও তা পাইনি। আজও কথা বলেছি, তবু বাস্তবায়ন প্রক্রিয়া জাতির কাছে অস্পষ্ট রয়ে গেছে।

বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলেছি, এটির আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি না দিলে এই সনদ, বিপ্লবের চেতনা ও সংস্কারের উদ্দেশ্য ব্যাহত হবে এবং অনিশ্চয়তা তৈরি হবে। এজন্য আমরা আগেও আইনি ভিত্তির দাবি জানিয়েছি। একটি আদেশ জারি করতে হবে এবং গণভোটের মাধ্যমে এটিকে টেকসই করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত