বিগত ১৭ বছর ভোট দিতে পারিনি অভিযোগ করে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে হবে। যে সরকার দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
শুক্রবার (১৭ অক্টোবর) চাঁদপুরের মতলব দক্ষিণে উত্তর বারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তানভীর হুদা বলেন, বিএনপি মানুষের অধিকার রক্ষায় গুম খুনের শিকার হয়েছে। মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপি এখনও নানা সংগ্রাম করে যাচ্ছে। দেশের মানুষ এখন নির্বাচিত সরকার চায়। দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ ইনসাফের সমাজ চায়।
তিনি বলেন, বিএনপি সাধারণ জনগণের দল, শ্রমিকদের দল, নারী ও মা বোনদের দল, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা হবে।
১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম লালুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা, সাবেক সহ সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, কেন্দ্রীয় যুবদলের সদস্য শাওন, উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম পাটোয়ারী।
