জুলাই সনদ নিয়ে কমিশনের সাথে আলোচনা চালিয়ে যাবে এনসিপি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১০:০৯ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই ঘোষণাপত্র নিয়ে আগে থেকেই অসন্তুষ্ট ছিল, জুলাই সনদ নিয়েও একই ধরনের মনোভাব দেখা গেছে। সনদের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান না হলে ‘জনগণকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া’ হবে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, জুলাই সনদ নিয়ে আমরা কমিশনের সাথে আলোচনা চালিয়ে যাব।

জুলাই সনদের একাধিক দিক নিয়ে স্বাক্ষরের আগে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চাইলেও, সনদের বাস্তবায়নের পথ অনুল্লেখ রয়ে গেছে, ধোঁয়াশা রয়েছে, যার কারণে আমাদের সব অর্জন বিফল হতে পারে। এজন্যই আমরা আজকের সনদ স্বাক্ষর অনুষ্ঠান থেকে দূরে থেকেছি,- বিবিসি বাংলাকে বলেন তিনি।

সনদ প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখলেও এখন তারা চাইছেন, অর্জনগুলো কীভাবে বাস্তবায়িত হবে, তার বিস্তারিত যেন জনগণের কাছে তুলে ধরা হয়।

ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে, এই সময়ের মধ্যে সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করা, বিরোধপূর্ণ বিষয়ের সমাধান, আদেশের পরিষ্কার খসড়া প্রস্তুত এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ২০২৬ সালের উল্লেখকে রেফারেন্স পয়েন্ট হিসেবে নির্ধারণ-এই বিষয়গুলোতে সমাধান চায় এনসিপি।

আলোচনার মাধ্যমে সমাধান না হলে এনসিপির পরবর্তী পদক্ষেপ কী-এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি, সনদে যতটুকু অর্জন হয়েছে তা টেকসইভাবে বাস্তবায়ন, এর আদেশের খসড়া প্রাপ্তি, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নোট অফ ডিসেন্টের (আপত্তি) জায়গাগুলো স্পষ্ট করা-এই বিষয়গুলোতে আমরা কমিশনের সাথে আলোচনা চালিয়ে যাব। প্রয়োজনে আমাদের রাজনৈতিক কর্মসূচি জনগণকে নিয়ে বাস্তবায়ন করব।

এনসিপি কমিশনের সাথে আলোচনার মাধ্যমেই সমাধান চায়। তবে সেটার মাধ্যমেও যদি সমাধান না হয় অথবা গাফিলতি দেখা দেয়, তাহলে অবশ্যই আমরা জনগণকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব, বলেন এনসিপির সদস্য সচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত