পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজে বয়কট আফগানদের

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম

আফগানিস্তানের উরগুন জেলায় সীমান্ত পেরিয়ে এক হামলায় তিন ক্রিকেটারসহ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে আগামী মাসে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসিবি)।

পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে এই সিরিজটি নভেম্বরের ১৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে আয়োজনের কথা ছিল। গত মাসেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজটির সূচি চূড়ান্ত করেছিল।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, পাকতিকা প্রদেশের রাজধানী শরানা শহরে এক প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে উরগুন জেলায় হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটারসহ কয়েকজন প্রাণ হারান।

বিবৃতিতে বলা হয়, “এই ঘটনা আফগানিস্তানের ক্রীড়া সমাজ, খেলোয়াড় এবং ক্রিকেট পরিবারে এক গভীর শোকের ছায়া ফেলেছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসিসিবি।”

এটিই চলতি বছরে আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল। আগস্টে এশিয়া কাপের আগে প্রথম সিরিজে অংশ নিয়েছিল তারা। তবে পাকিস্তানের মাটিতে এটি হতো আফগানিস্তানের প্রথম ত্রিদেশীয় অংশগ্রহণ।

এর আগে আফগানিস্তান পাকিস্তানে খেলেছে ২০২৩ সালের এশিয়া কাপে এবং চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে, যদিও সে সময় তারা আয়োজক দলের বিপক্ষে মাঠে নামেনি।

নভেম্বর ১৭ তারিখে সিরিজের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তানের। এরপর ২৩ নভেম্বর দ্বিতীয় ম্যাচে আবারও দেখা হতো দুই দলের।

সিরিজের সময়ই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছিল, এমন অবস্থায় এই সিদ্ধান্তকে বড় রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত