শিবিরের সদস্য ও সমর্থকের সংখ্যা জানালেন কেন্দ্রীয় সভাপতি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানিয়েছেন, সংগঠনটির সদস্য ৭ হাজার, সাথী প্রায় ২ লাখ আর কর্মী প্রায় পাঁচ লাখ এবং সমর্থক সংখ্যা প্রায় কোটির কাছাকাছি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের  টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “ছাত্রশিবিরের কাজ মূলত মাদ্রাসাগুলোয় বেশি হলেও, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজেও আমাদের কার্যক্রম বেশ সক্রিয়।”

তিনি জানান, শিবিরের সাংগঠনিক কাঠামো আজও ১৯৭৭ সালের মূল পদ্ধতির ওপরই পরিচালিত হচ্ছে। “এখানে কথার সঙ্গে কাজের ফারাক নেই, গ্রুপিং বা বিভাজনও নেই। ভ্রাতৃত্ব ও ভালোবাসার চর্চাই আমাদের শক্তি,” বলেন তিনি।

জাহিদুল ইসলাম আরও বলেন, শিবিরের সদস্য হতে হলে নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয়—প্রথমে সমর্থক, পরে কর্মী, এরপর সাথী এবং সর্বশেষ সদস্য। “এটি একটি পদ্ধতি। অগ্রসর হওয়ার প্রক্রিয়া, যেখানে নির্দিষ্ট সিলেবাস পড়াশোনা করতে হয়,” যোগ করেন তিনি।

বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা প্রায় সাত হাজার হলেও, কর্মী ও সাথীসহ মোট জনশক্তি পাঁচ লাখ ছাড়িয়েছে বলে জানান সভাপতি। 

তার ভাষায়, “সমর্থকের সংখ্যা আনুমানিক পঞ্চাশ লাখ, এবং মাদ্রাসায় সমর্থন কিছুটা বেশি হলেও, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ভালো কাজ হচ্ছে।”

দাওয়াত বা সাংগঠনিক আহ্বান প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “আমরা শুরুতে সম্পর্ক গড়ে তুলি। শুরুতেই কারও সঙ্গে আদর্শিক আলোচনা নয়—বরং বন্ধুত্বপূর্ণভাবে সম্পর্ক স্থাপন করে ধীরে ধীরে ইসলামের দাওয়াত উপস্থাপন করি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত