কালো পতাকা মিছিলে এমপিওভুক্ত শিক্ষকরা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫০ পিএম

বেতন ও ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল শুরু করে।

সকাল সোয়া ১২টায় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় ঈদগাহ এলাকার কদম ফোয়ারায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এরপর শিক্ষকরা শহীদ মিনারে ফিরে অনশন কর্মসূচি অব্যাহত রাখে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এই আন্দোলনের ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের কালো পতাকা মিছিল শিক্ষা ভবন থেকে কদম ফোয়ারা পর্যন্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয়, এরপর শহীদ মিনারে ফিরে অনশন অব্যাহত আছে।

এর আগে দেলোয়ার হোসেন আজিজী ফেসবুকে লিখেছিলেন, সবাই কালো পতাকা নিয়ে আসুন। ১২টার সময় আমরা শিক্ষক সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানাব। সবাই অংশগ্রহণ করুন।

সকালে সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারের মূল বেদী ও আশপাশে শিক্ষকরা অনশন কর্মসূচি পালন করছেন। বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান গ্রহণ করেছেন।

বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এই আন্দোলন শুক্রবার দুপুর ২টার দিকে শুরু হয়েছিল। বৃষ্টির মধ্যেও শিক্ষকরা তখন অবস্থান নেন। এর আগে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ স্থগিতের ঘোষণা দেন দেলোয়ার হোসেন আজিজী।

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে পুলিশের লাঠিচার্জের পর থেকে আন্দোলন আরও বিস্তৃত হয়। ১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ করেন।

পূর্ব ঘোষণানুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এটি স্থগিত ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত