অবকাশ শেষে সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরু রবিবার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পিএম

দীর্ঘ একমাসের বেশি সময়ের পর আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে  হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

গত ৭ সেপ্টেম্বর থেকে আজ ১৮ অক্টোবর পর্যন্ত (সাপ্তাহিক ও ঘোষিত ছুটিসহ) অবকাশ ছুটিতে যান সুপ্রিম কোর্টের উভয় বিভাগ। তবে এই সময় জরুরি বিচারিক বিষয় নিষ্পত্তির জন্য সীমিত পরিসরে হাইকোর্টে বেশকিছু বেঞ্চে বিচারিক কার্যক্রমের পাশাপাশি সপ্তাহের নির্দিষ্ট কার্যদিবসে আপিল বিভাগের চেম্বার আদালতেও মামলার শুনানি চলমান ছিল।

এদিকে দীর্ঘ ছুটির পর আগামীকাল রবিবার প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) ও আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত  সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। যে কারণে ওই দিন আপিল বিভাগের কার্যক্রম সকাল ১১টা পর্যন্তই চলবে। এছাড়া এ দিন দুপুর ২টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে।

ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য দিয়ে পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত