নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এঘটনায় ছয়জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৩০ জন।
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার খালিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন খায়ের উদ্দিন (৪২), আব্দুল মতিন (৫০), জোনায়েত মিয়া (২৫), কালু মিয়া (৩৭), খলিলুর রহমান (৪০) ও আল আমিন (২৫)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কবির হোসেনের সঙ্গে ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সম্প্রতি জহিরুল ইসলামের চাচা রিপনকে হত্যার ঘটনায় ১৭ জনের নামে মামলা করা হয়। ওই মামলার আসামিরা জামিন না নিয়ে এলাকায় প্রবেশ করতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে খালিয়ারচর পশ্চিমপাড়া ফকির বাড়ি জামে মসজিদের সামনে উভয়পক্ষের শত শত সমর্থক অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গুলাগুলির ঘটনাও ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় খালিয়ারচর এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
