হবিগঞ্জের মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ আলী আকবর (৬২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলী আকবর মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আলী আকবরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, আলী আকবর দীর্ঘদিন ধরে পশ্চিম মাধবপুর ও আশপাশের এলাকায় মাদক বিক্রির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আলী আকবর একজন তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
