মাধবপুর

হাসপাতাল কর্মীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৮ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

হবিগঞ্জের মাধবপুরে সামান্তা আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে পৌর শহরের ১নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সামান্তা আক্তার (১৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের শাহ আলমগীরের মেয়ে ও  স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন।

পরিবার জানায়, সামান্তা মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে নানা বাড়িতে বেড়ে ওঠেন। পরে বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের সবুজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর সামান্তা জানতে পারেন সবুজ মিয়ার আরও একটি সংসার রয়েছে। বিষয়টি গোপন রাখাকে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সময় বিরোধ দেখা দেয়।

নিহতের মা জানান, সকালে মেয়ের সঙ্গে শেষবার কথা হয় তাদের। কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর পান। পরে বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত