ইয়েমেন উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর নৌযানটিতে ভয়াবহ আগুন ধরে যায় বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী। খবর আল জাজিরা।
শনিবার (১৮ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে এমন এক সময়, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল ও তার সহযোগী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। তবে হুথি গোষ্ঠী এখনো এই ঘটনার দায় স্বীকার করেনি। সাধারণত তারা হামলার দাবি জানায় ঘটনার কয়েক ঘণ্টা কিংবা কখনো কয়েক দিন পর।
ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (UKMTO) এক সতর্কবার্তায় জানায়, ঘটনাটি এডেন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে সংঘটিত হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে আগুন লেগেছে। ঘটনাটি তদন্তাধীন।’
সমুদ্র নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, ট্যাংকারটি ক্যামেরুনের পতাকাবাহী এবং এটি ওমানের সোহার বন্দর থেকে জিবুতির উদ্দেশে যাত্রা করেছিল। ইয়েমেনের আহওয়ার উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানকালে জাহাজটি জরুরি সহায়তার সংকেত পাঠায়।
রেডিও বার্তায় জানা গেছে, হামলার পর নাবিকরা জাহাজ ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
অ্যামব্রে আরও জানিয়েছে, হামলার শিকার এই জাহাজটি হুথিদের সাধারণ লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত নয়।
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত ১৫