রাজধানীর পৃথকস্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৪

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম

রাজধানীতে পৃথকস্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী পোশাক শ্রমিকসহ ৪ জন আহত হয়েছেন। তাদের কাছ থেকে একটি অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে পূর্ব রামপুরা জামতলা কমিশনার গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন সেনেটারী মিস্ত্রী আমিনুল ইসলাম (২৮), রাজন (২২), আশরাফুল ইসলাম (৩০) ও সকাল সাড়ে ৭টার দিকে জুরাইনে আহত হন জান্নাত আক্তার (১৮)।

আহত আমিনুলের ভাই মো. রিফাত জানান, রামপুরা জামতলায় একটি মেসে তারা ৪ জন থাকেন। তারা সেনেটারী মিস্ত্রীর কাজ করেন। ভোর সাড়ে ৬টার দিকে চারজন মিলে পূর্ব রামপুরা জামতলা কমিশানার গলি দিয়ে অটোরিকশা যোগে নাস্তা খেতে হোটেলে যাচ্ছিলেন। এসময় সময় ৭-৮ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দেখিয়ে তাদের রিকশার গতিরোধ করে।

তিনি আরও জানান, এরপর ছিনতাইকারীরা আমিনুল, রাজন ও আশরাফুলের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। তবে তিনি নিজে ও রিকশাচালক দৌড়ে পালিয়ে যান। এসময় ওই ৩ জনের কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা, মোবাইল ফোন ও রিকশা ছিনিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

এদিকে ঢাকা মেডিকেলে আহত জান্নাত বলেন, তার বাসা জুরাইন আলম মার্কেট এলাকায়। জুরাইন এলাকাতেই একটি সোয়েটার তৈরির কারখানায় কাজ করেন। সকালে বাসা থেকে হেটে জুরাইন গ্যাস পাইপ দিয়ে যাওয়ার সময় এক যুবক তার পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে গলায় ও পেটে আঘাত করে টাকা ও মোবাইল ফোন নেয়ার চেষ্টা করে। তখন তার চিৎকারে লোকজন এসে ওই যুবককে গণধোলাই দিয়ে আটকিয়ে রাখে। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত