মৃত্যুদন্ডপ্রাপ্তদের কনডেম সেলে রাখা নিয়ে শুনানি ২৮ অক্টোবর

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ এএম

মৃত্যুদন্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো আসামিকে কনডেম সেলে রাখা যাবে না হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য হয়েছে। শুনানি করতে আবেদনের আরজির পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এদিন ধার্য করে। সংশ্লিষ্ট বিষয়ে রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ আবেদনটি করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপক্ষের আপিলটি আজকে (গতকাল) শুনানির জন্য আসে। আমি উপস্থাপন করে বলেছি যে, এটি প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য উপযুক্ততা রাখে। গুরুত্ব বিবেচনায় আগামী ২৮ অক্টোবর বিষয়টি শুনানির জন্য আসবে।’

মৃত্যুদন্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখার বৈধতা প্রশ্নে একটি রিট আবেদন হয় ২০২১ সালে। প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৫ এপ্রিল কনডেম সেলের বৈধতা নিয়ে রুল দেয় হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৩ মে নির্দেশনা ও পর্যবেক্ষণসহ রায় দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। রায়ে মৃত্যুদ-াদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে না রেখে সাধারণ সেলে রাখাসহ এ বিষয়ে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিতে নির্দেশ দেয় হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলে, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে অন্য বন্দিদের মতোই দেখতে হবে। মৃত্যুদন্ড চূড়ান্ত না হলে কাউকে কনডেম সেলে রাখা যাবে না। পরে হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানির পর্যায়ে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত