ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজ হওয়ার দশ দিন পর আব্দুর রশিদ (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার কামারিয়া ইউনিয়নের চাড়িয়া বিলে লাশটি পাওয়া যায়।
নিহত আব্দুর রশিদ মহব্বতপুর গ্রামের বাসিন্দা এবং মৃত উসমান আলীর পুত্র।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১০ দিন পর রবিবার রাতে বিলের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারাকান্দা থানার এসআই মো. আলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আব্দুর রশিদ মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ ছিলেন। তিনি গত ১০ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানার হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে যুক্তিতর্ক শুরু হচ্ছে আজ
শিক্ষার্থীদের মন জয় করেই এসেছে ছাত্রসংসদের বিজয়: শিবির সভাপতি