আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম

টানা নবম দিন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের তিন দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে তারা অনশন শুরু করেন। দুপুর নাগাদ অন্তত চার শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। আন্দোলনের সমন্বয়কারী ফয়েজ আহমেদ জানান, গাইবান্ধার আকবর আলি আব্দুল হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আলী মন্ডল অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এছাড়া জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীও অসুস্থ হয়ে পড়েছেন।

সরকার সম্প্রতি বাড়ি ভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলেও আন্দোলনরত শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারের ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন শিক্ষকদের সঙ্গে অবিচার। আমরা তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না।

সকালে শহীদ মিনারে শিক্ষক সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হলে দুপুর গড়াতেই উপস্থিতি বাড়তে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষক-কর্মচারী কর্মসূচিতে যোগ দিতে আসেন।

শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে অনড় রয়েছেন। দাবিগুলো হলো-বাড়ি ভাড়া ২০ শতাংশে উন্নীত করা, পূর্ণ উৎসব ভাতা প্রদান এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ।

শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বানের প্রতিক্রিয়ায় আজিজী বলেন, শিক্ষা উপদেষ্টাকে বলে দিতে চাই, শিক্ষকরা ক্লাসে ফিরবে না। হয়তো দাবি মেনে নেবেন, না হয় আপনাকে মন্ত্রণালয় ছাড়তে হবে।

টানা আট দিন ধরে দেশের ৩০ হাজারেরও বেশি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত