বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির অন্যান্য সদস্যরা হলেন-বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিসের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-আইআরআই’র কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, এনডিআই’র প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, আইআরআই’র প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, আইআরআই’র পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, আইআরআই’র প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং আইআরআই’র পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
