ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের ছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৪) হত্যার দায়ে পলাতক সহোদর দুই ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত এলবার্ট ডেভিড রকি ও এলবার্ট ডেভিড সেন্টু সহোদর ভাই। তারা উপজেলার পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লার এলবার্ট ডেভিড বাদলের ছেলে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় প্রদান দেন।
দীর্ঘ শুনানির পর সাক্ষী-প্রমাণের ভিত্তিতে বুধবার এই রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদী পক্ষের আইনজীবী ও জজ আদালতের পিপি এডভোকেট আকরাম হোসেন ও এডভোকেট আব্দুস সোবহান সুলতান।
নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেশাদার খুনি ডেভিড রকি ও ডেভিড সেন্টুকে দিয়ে আমার একমাত্র ছেলে মিঠুকে নৃশংসভাবে হত্যা করে। মিঠু অনার্স চুতর্থ বর্ষের ছাত্র ছিল।
মৃত্যুদণ্ডের আদেশে আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর পৌর শহরের পাটবাজারস্থ টিপু সুলতানের স্বর্ণের দোকানে আসামিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নিহত মিঠু ঝগড়া থামাতে গেলে ডেভিড রকি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিঠুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর রকি, সেন্টু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক মামুনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামুনকে বাদ দিয়ে রকি ও সেন্টুকে আসামি করে চার্জশীট প্রদান করেন গৌরীপুর থানা।
