দলে শৃঙ্খলা না থাকলে সদস্য ৫০ জনেই সীমাবদ্ধ থাকবে: সারজিস

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫০ পিএম

সংগঠনে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখা না গেলে কোনও সংগঠনই টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, এনসিপি ও এর সংগঠনের সকল সদস্যকে অবশ্যই চেইন অব কমান্ড ও সংগঠনগত শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলা থাকলে তিন মাসের মধ্যে সদস্য সংখ্যা পাঁচ লাখে পৌঁছাবে, আর শৃঙ্খলা না থাকলে ৫০ জনেও সীমাবদ্ধ থাকবে।

তিনি বলেন, সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন কাটিয়ে উঠতে পারলে এনসিপির ছাত্র সংগঠন যেকোনো দলের তুলনায় বেশি শক্তিশালী ও গুণগত হবে। আমাদের প্রত্যেক ইউনিটে সমন্বয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে। শৃঙ্খলা ও একতা থাকলে দেশের প্রতিটি ইউনিট সঙ্গবদ্ধভাবে কাজ করবে।

এ সময় ছাত্র সংসদের ভেতরে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারকারী কারও জন্য কোনো স্থান নেই বলে সতর্ক করে দেন সারজিস আলম। তিনি বলেন, যারা দায়িত্বে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতৃত্বে আসতে হলে সততা, যোগ্যতা ও নিষ্ঠা প্রমাণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত