টেকনাফে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

একটি পরিবারকে একঘরে করল সমাজ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম

কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে হিজরা আমন্ত্রণ জানিয়ে নাচগান ও মাদক সেবনের অভিযোগে সৈয়দ আলম নামে এক ব্যক্তির পরিবারকে সমাজ থেকে আজীবন জন্য বহিষ্কার করেছে সমাজ পরিচালনা কমিটি।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার উনচিপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আল মাদরাতুল ইসলামিয়া মাদরাসার পেডে সমাজ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল আমিন ও সাধারণ সম্পাদক আতা উল্লাহর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু দিন আগে শেয়াইল্লাপাড়া বাসিন্দা ছৈয়দ আলমের বাড়িতে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সমাজের নিয়ম বহির্ভূত কার্যকলাপ, মাদক সেবন, গান-বাজনা ও হিজড়াদের আমন্ত্রণ করে নাচের আয়োজন করায় সমাজের নেতা আবু তৈয়ব ও স্থানীয়রা প্রথমে তার বাড়িতে গিয়ে এ সব কার্যকলাপ বন্ধের অনুরোধ করে। পরে তিনি প্রতিশ্রুতি দেন এই সমস্ত কার্যকলাপ আর করবে না। কিন্তু পরদিন তিনি পুনরায় মাদক সেবন ও হিজড়াদের নাচের আয়োজন করেন। পরে দ্বিতীয়বারের মতো তাকে সর্তক করা হয়। এরপরও তিনি নিষেধজ্ঞা অমান্য করায় এক কথায় বাধ্য হয়ে বৃহত্তর উনচিপ্রাং সমাজ এই সিদ্ধান্ত নেয়।

এতে বলা হয়, বহিষ্কার ব্যক্তির বাড়িতে সমাজের কোনো ওলামা ইসলামী ও সামাজিক আয়োজনে অংশ নেওয়া সম্পূর্ণ নিষেধ। পাশাপাশি বহিষ্কার ব্যক্তি ও তার পরিবারের কোনো সদস্যকে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। এছাড়া বৃহত্তর উনচিপ্রাং সমাজের নির্দিষ্ট সীমানার ভেতরে অন্য কোনো সমাজের বাসিন্দা বসবাস করতে হলে তাকেও উনচিপ্রাং সমাজের নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় প্রশাসনের সহযোগিতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত