বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পিএম

বাগেরহাটে বাসের ধাক্কায় শামীম তালুকদার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদরের মেগনীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত শামীম তালুকদার বাগেরহাটের শরণখোলার কদমতলা গ্রামের মতিউর রহমান তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিপু মন্ডল বলেন, ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পরিবহণ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল আরোহী শামীম তালুকদারকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শামীম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোটরসাইকেল আরোহী অসাবধনতাবশত ক্রসরোড দিয়ে মহাসড়কের ওপর উঠলে দ্রুতগামী পরিবহনটি তাকে ধাক্কা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করেছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত