সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশ রিলে দলের ব্রোঞ্জ জয়

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১১:১৮ পিএম

ভারতের রাঁচিতে অনুষ্ঠিত সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় দিনেই পদকের দেখা পেল বাংলাদেশ। আজ (২৫ অক্টোবর) পুরুষদের ৪×১০০ মিটার রিলে ইভেন্টে দারুণ লড়াই করে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল।

বাংলাদেশের চার স্প্রিন্টার—লুসাদ ইসলাম, তারেক রহমান, আব্দুল মোতালেব ও সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল—৪০.৯৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। এটি এবারের আসরে বাংলাদেশের প্রথম পদক।

ইভেন্টে সোনা জিতেছে শ্রীলঙ্কা (৩৯.৯৯ সেকেন্ড) এবং রুপা গেছে ভারতের ঝুলিতে (৪০.৬৫ সেকেন্ড)। রেসের প্রথম ২০০ মিটার পর্যন্ত ভারতকে পেছনে ফেলেছিল বাংলাদেশ, কিন্তু শেষের ধাপে মোতালেব ও ইসমাইল তাল মেলাতে পারেননি।

মেয়েদের ৪×১০০ মিটার রিলেতে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ৪৮.২১ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ স্থানেই শেষ করতে হয় শিরিন আক্তারদের। তৃতীয় হওয়া মালদ্বীপের সময় ছিল ৪৭.৭৯ সেকেন্ড।

দিনের অন্য ইভেন্টগুলো—১১০ মিটার হার্ডলস, ৪০০ মিটার স্প্রিন্ট এবং ডিসকাস থ্রো—থেকে কোনো পদক আসেনি বাংলাদেশের ঘরে। গতকাল প্রথম দিনও কেটেছিল শূন্য হাতে।

রবিবার সাফ অ্যাথলেটিক্সে অংশ নেবে বাংলাদেশের লং জাম্প ও ৪×৪০০ মিটার নারী-পুরুষ দল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত