৪০ বছর বয়সেও যেন থামার নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগের আল নাসর তারকা এখনো দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। গোলের পর গোল করে ছুঁয়ে ফেলেছেন ফুটবল ইতিহাসের অনন্য উচ্চতা। তবে এবার এই পর্তুগিজ কিংবদন্তি জানালেন তার দীর্ঘ ক্যারিয়ারের গোপন রহস্য।
পারফরম্যান্স ট্র্যাকিং সংস্থা ডব্লিউওওপি -এর সঙ্গে আলাপচারিতায় রোনালদো বলেন, ‘আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো ঘুম। আমি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাই ও নির্দিষ্ট সময়ে জেগে উঠি। সাধারণত রাত ১১টা বা ১২টার দিকে ঘুমাই, আর সকাল ৮টা সাড়ে ৮টার মধ্যে উঠে পড়ি। এই নিয়মই আমার দীর্ঘ ক্যারিয়ারের মূল ভিত্তি।’
রোনালদোর মতে, নির্দিষ্ট সময় মেনে নিয়মিত ঘুমালে শরীরের রিকভারি হয়। ঘুমই হলো মনোযোগ এবং ফিটনেস ধরে রাখার সবচেয়ে বড় উপায়। বিজ্ঞানও বলছে, নিয়মিত ঘুমের রুটিন শরীরের সার্কাডিয়ান রিদম ঠিক রাখে, হরমোনের ভারসাম্য উন্নত করে ও পেশির পুনরুদ্ধার ঘটায়— যা শীর্ষ ক্রীড়াবিদদের জন্য অপরিহার্য। রোনালদো তাই সবসময় ঘুমকে প্রাধান্য দিয়েছেন।
ক্যারিয়ারের শুরু থেকেই শৃঙ্খলা ছিল রোনালদোর সবচেয়ে বড় শক্তি। ডায়েট, জিম, ট্রেনিং কিংবা ম্যাচ-পরবর্তী রিকভারি— সব ক্ষেত্রেই নিখুঁত পরিকল্পনা মেনে চলেন তিনি। এখন ঘুমও যুক্ত হয়েছে সেই শৃঙ্খলার অংশ হিসেবে। রোনালদো বলেন, ‘যদি তুমি ঠিকভাবে না ঘুমাও, তাহলে শরীর ও মন কখনোই শতভাগ ফিট থাকবে না্। ভালো ঘুম মানেই ভালো অনুশীলন, ভালো পারফরম্যান্স।’
আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত রোনালদো করেছেন ১১২ ম্যাচে ৯৯ গোল। চলতি মৌসুমেও পাঁচ ম্যাচে পাঁচ গোল করে তিনি রয়েছেন লিগের শীর্ষ গোলদাতাদের তালিকায়। বর্তমানে তার ক্যারিয়ারের মোট গোল সংখ্যা ৯৫০টি। অর্থাৎ ১,০০০ গোলের স্বপ্নপূরণে বাকি মাত্র ৫০টি গোল। রোনালদো নিজেই জানিয়েছেন, এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অবসরের কথা ভাবছেন না।
লিভারপুলের টানা চতুর্থ পরাজয়ে ক্ষুব্ধ আর্নে স্লট
আর মাত্র ৫০ গোল! রোনালদোর সামনে ইতিহাসের হাতছানি