টাঙ্গাইলের মির্জাপুরে খাল থেকে গোলাপী বেগম নামে নিখোঁজ গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বারই খালের বাইমহাটী অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গোলাপী বেগম (৩২) ওই এলাকার স্বামী আব্দুল কাদেরের স্ত্রী ও তিন সন্তানের জননী। তিনি স্বামী ও সন্তানদের নিয়ে বাইমহাটী এলাকায় বাবার বাড়িতেই থাকতেন। গত ২৩ অক্টোবর নিখোঁজ হন তিনি।
গোলাপী বেগমের মা সমলা বেগম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মেয়ে নিখোঁজের কিছুক্ষণ পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এছাড়া খাল পাড় হওয়ার জন্য তাদের ব্যবহৃত নৌকাটির সন্ধান মিলছি না। একপর্যায়ে রাত ৩টার দিকে নৌকাটি বাইমহাটী প্রফেসরপাড়া এলাকার ব্রিজের সামনে কচুরিপানায় আটকে থাকতে দেখা যায়। এ ঘটনা রাতেই মির্জাপুর থানায় অজ্ঞাত আসামিদের করে থানায় অভিযোগ করেন গোলাপীর বাবা বিষা মিয়া।
এলাকাবাসীর অভিযোগ, নিহত গোলাপী ও পরিবারের সদস্যরা এলাকায় সুদের কারবারি করতেন। এনিয়ে অনেকের সঙ্গে বিরোধ ছিল।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মরদেহের গলায় ওড়না পেঁচানো ও এক পা জিআই তার দিয়ে বাঁধা ছিল। মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। হত্যার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।
