ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ১০০তম দিনে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতীকী লাশ ও মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল পুকুর পাড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা আগামী সাতদিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, সাজিদ হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো দোষীদের গ্রেপ্তার করা হয়নি। ইবি প্রশাসন এতটাই অদক্ষ ও অযোগ্য যে তিন মাস দশদিন পরেও খুনিদের কোনো কিছুই বের করতে পারেনি। আমরা চাই, দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
সমাবেশে শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলী বলেন, আমরা সাজিদ হত্যার বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। এই খুনের বিচার যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী নিরাপদ বোধ করবে না। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, এমন কি আছে যে কারণে এখনো খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না। দ্রুত খুনিদের গ্রেপ্তার করতে হবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অথর্বের ভূমিকায় আছে। সিআইডিকে তদন্তভার দিয়েছে, কিন্তু সিআইডি বারবার সময় নিচ্ছে। খুনি যত শক্তিশালী হোক না কেন তাদের গ্রেপ্তার করতে হবে। যতদিন পর্যন্ত সাজিদের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।
এদিন বিকালে এক মিটিংয়ে সাজিদ হত্যার বিষয়ে কুষ্টিয়া সিআইডির এসপি আবু তারিক বলেন, তদন্ত কাজ চলমান। আমরা আশাবাদী দ্রতই হত্যাকারীকে সনাক্ত করতে পারব। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষাথীদের সহযোগিতা দরকার। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছি, যাতে তদন্ত স্বার্থে যে কাউকে জিঙ্গাসাবাদ করতে পারি। প্রশাসনও এ বিষয়ে অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানিয়েছেন।
