কুমিল্লার মুরাদনগরে রাতের আঁধারে ইব্রাহিম মিয়া নামে এক কৃষকের ৪০ শতাংশ ক্ষেতের প্রায় ২০০ লাউ গাছ গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ও হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার তিতাস নদীর পাড়ে এই ঘটনা ঘটে। ঋণ করে ৪০ শতাংশ জমিতে লাউ চাষ করা ওই কৃষক এখন দিশাহারা হয়ে পড়েছেন।
জানা যায়, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের যশমন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ইব্রাহিম মিয়া ঋণ করে ৪০ শতাংশ জমি বর্গা নিয়ে মাচা তৈরি করে লাউ চাষ করেছিলেন। গাছগুলোতে ইতিমধ্যে ফুল ও লাউ ধরেছিল। এই মৌসুমে এক থেকে দুই লাখ টাকার লাউ বিক্রির আশা ছিল তার। কিন্তু রবিবার সকালে ঘুম থেকে উঠে জমিতে গিয়ে ইব্রাহিম মিয়া দেখেন, সব লাউগাছ কেটে ফেলা হয়েছে। রাতের আঁধারে কে বা কারা এমন কাজ করেছে, তা বুঝে উঠতে পারছেন না তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম মিয়া বলেন, আমি সারাদিন রোদ পুড়ে বৃষ্টিতে ভিজে জমিতে কাজ করেছি। এই ক্ষেতটাই ছিল আমার পরিবারের ভরসা। কে এমন শত্রুতা করল জানি না। সব শেষ হয়ে গেল।
স্থানীয়রা জানান, ইব্রাহিম মিয়া একজন পরিশ্রমী মানুষ। নিজের জমি নেই, অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। এমন পরিশ্রমী মানুষের ক্ষেত নষ্ট করা অত্যন্ত নিন্দনীয় কাজ।
হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি তার নজরে এসেছে। সরেজমিনে পরিদর্শন শেষে ভুক্তভোগীকে সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি রিপোর্ট প্রদান করা হবে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষককে সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, বিষয়টা খুবই দুঃখজনক। একজন কৃষকের কষ্ট করে লাগানো গাছের লাউ বিক্রয়ের টাকায় হয়তো তার সংসার চলত। যে এই ন্যাক্কারজনক কাজের সঙ্গে জড়িত তার যেন বিচার হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ কার্যক্রম গ্রহণ করা হবে।
