চীনের রাষ্ট্রদূতের সাথে এবি পার্টির বৈঠক

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকার অঙ্গীকার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে চীন। সোমবার বিকেলে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সরকারি বাসভবনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

বৈঠকে এবি পার্টির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা উপস্থিত ছিলেন।

বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন, চীন–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় চীনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবি পার্টির প্রতিনিধিদলকে স্বাগত জানান। 

বৈঠকে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা শেষ হয়েছে এবং এখন সরকারের হাতে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করে সরকার দ্রুত একটি ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাবে।

এ সময় দুই পক্ষের মধ্যে গণভোট, নির্বাচন এবং ব্যবসায়িক স্থিতিশীলতা নিয়েও খোলামেলা মতবিনিময় হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া দেশের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। ফ্যাসিবাদী শাসনের পর অন্তর্বর্তী সরকার যে অর্থনৈতিক ভিত্তি পুনর্গঠনের চেষ্টা করছে, তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়—চীন সে ব্যাপারে সহায়তা অব্যাহত রাখবে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের মাধ্যমে জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে।

বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং এবং রাজনৈতিক কর্মকর্তা লিউ হংরু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত