এনসিপি কোনও জোটে যাবে কিনা সিদ্ধান্ত হয়নি: সারজিস

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে। কিন্তু তার আগে সরকারকে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে এবং দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। তাহলে ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের কোনও সমস্যা থাকবে না।

আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম কনভেনশন সেন্টারে জেলা নাগরিক পার্টির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এ সময় তিনি বলেন, কোনও দলের সঙ্গে নির্বাচনী জোটের বিষয়ে এনসিপি এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে যারা জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়নে এবং জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে, প্রয়োজনে তাদের সঙ্গে জোট গঠন করা যেতে পারে।

সারজিস আলম আরও বলেন, কোনো আইনগত বাধা না থাকলেও এনসিপিকে প্রতীক ‘শাপলা’ দিতে নানা অযৌক্তিক বাধা দিচ্ছে। এই পরিস্থিতিতে আমরা স্পষ্টভাবে বলেছি, আইনগত বাধা নেই, তাই শাপলাই চাই। শাপলা নিয়েই আমরা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব এবং সেটি আদায় করব।

সারজিসবলেন, আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি, কারণ এর আইনগত ভিত্তি ও মৌলিক সংস্কারগুলোর বাস্তবায়ন স্পষ্ট নয়। গণভোটে সনদ পাশ হলেও সরকার তা বাস্তবায়ন করবে কি না, সেটি নিশ্চিত নয়। তাই জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এনসিপি সনদে স্বাক্ষর করেনি।

সভায় ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার, যুগ্ম সমন্বয়কারী এ এইচ এম মাহফুজসহ জেলা, উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত