দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর দুদকের মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ এএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘অর্থ আত্মসাতে দুদকের মামলা, অধরা আসামিরা’শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় গত ২৪ অক্টোবর। ওই প্রতিবেদন প্রকাশের পর মামলার প্রধান আসামি আনিছুর রহমানকে রবিবার (২৭ অক্টোবর) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার।

গ্রেপ্তার আনিছুর রহমান সদর উপজেলার ধানঘড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) গাইবান্ধা কার্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা।  

ওসি জানান, মামলার পর প্রধান আসামি আনিছুর রহমান পলাতক ছিলেন। রবিবার বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর সাভারের রাজাসন এলাকা থেকে গাইবান্ধা জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাকে আমলী আদালতে হাজির করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গাইবান্ধা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চারজন উপ পরিচালকের স্বাক্ষর স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন ও কল্যাণ তহবিল থেকে প্রায় এক কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেন। ঘটনার তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে ২০২৪ সালের ২১ অক্টোবর রংপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ সহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে আনিছুর রহমানকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। এ কারণে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর আনিছুর রহমানকে চাকরিচ্যুত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত