বিক্রম মিশ্রি সুযোগ দিয়েছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করেননি: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সমালোচনা করেন তিনি।  

সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দিল্লিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় হয়। সেখানে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনি দিক তারা পরীক্ষা-নিরীক্ষা করবে।

আপনাদের কিছু জানিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আইনি দিক পালন করেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। তারা কোনো জবাব দেয়নি। তারা তাদের দিক থেকে দেখতে থাকুক।

মো. তৌহিদ হোসেন বলেন, তবে আপনারা যারা গিয়েছিলেন তাদের বিষয়ে আমার একটা পর্যবেক্ষণ আছে। যেহেতু আপনি (সাংবাদিক) প্রশ্নটি তুললেন, তাই বলছি। ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের মুখে একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন, তিনি বলেছিলেন, তারা বাংলাদেশে আগামীতে একটি স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচন চান। তবে আপনাদের বলা উচিত ছিল গত ১৫ বছরে ভারত এ প্রশ্ন তোলেনি কেন? আগের নির্বাচনগুলো কি সঠিক ছিল?

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি (বিক্রম মিশ্রি) নিজে থেকে এ সুযোগ দিয়েছিলেন। কিন্তু আপনারা প্রশ্নটি করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত