বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ বাতিল, আসছে নেপাল

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পিএম

বাংলাদেশের বসুন্ধরা কিংস অ্যারেনাকে এশিয়ান কাপ বাছাইয়ে হোম ভেন্যু চূড়ান্ত করেছিল আফগানিস্তান। আগামী ১৮ নভেম্বর সে মাঠে তাদের সঙ্গে হওয়ার কথা ছিল মায়ানমারের ম্যাচ। তবে মায়ানমার ঢাকায় খেলতে আপত্তি জানানোয় আফগানিস্তান হোম ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

যেহেতু তাদের এ ম্যাচ ঢাকায় খেলা হচ্ছে না, তাই তারা ১৩ নভেম্বর বাংলাদেশের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচও খেলতে চায় না বলে নিশ্চিত করেছে একটি সূত্র। এ ব্যপারে অবশ্য আনুষ্ঠানিক কিছু এখনো জানায়নি বাফুফে। তবে এতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বেশ বিপত্তিতে পড়েছে। তড়িঘড়ি তারা হামজা চৌধুরীদের জন্য ১৩ নভেম্বর প্রীতি ম্যাচের নতুন প্রতিপক্ষ খুঁজতে শুরু করেছে। আমন্ত্রণ জানিয়েছে নেপালকে।

অল নেপাল ফুটবল ফেডারেশন (আনফা) এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি। নিজেদের মূল ভেন্যু দশরথ রঙ্গশালা ফিফার নিষেধাজ্ঞার আওতায় থাকায় নেপাল ১৮ নভেম্বর ম্যাচের জন্য হোম ভেন্যু করেছে প্রতিপক্ষ মালয়েশিয়ার একটি স্টেডিয়ামকে। নেপাল চাইছে সে ম্যাচের প্রস্তুতি স্বরূপ মালয়েশিয়াতেই একটি প্রীতি ম্যাচ খেলতে। আনফা সূত্রে জানা গেছে তারা বাফুফের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেওয়ার ব্যাপারে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত