রাজধানীর প্রেস ক্লাবে পুলিশের জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ ও সাউন্ড গেনেডে আহত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দেখতে হাসপাতালে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
আজ বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে আসেন। এ সময় আহত শিক্ষকদের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি।
হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, আহতদের অনেকে কানে শুনতে পাচ্ছেন না, অনেকের মাথায়, হাতে পায়ে আঘাত আছে। শান্তিপূর্ণ আন্দোলন করা আমাদের শিক্ষকদের ওপর এভাবে আঘাত করা হয়েছে, এটি খুবই লজ্জাজনক। এটি খুব দ্রুত তদন্ত ও বিচার অবশ্যই করা প্রয়োজন। যেই দাবি ইতোপূর্বে ২৮ জানুয়ারি আদায় করে ফেলেছে সেই দাবি বাস্তবায়নের জন্য শিক্ষকদের আবার আন্দোলন করতে হবে, এটি খুবই দুঃখজনক। আমরা চাই না এমন পুনরাবৃত্তি বাংলাদেশে আর হোক। শিক্ষকদের এইভাবে অবহেলা, নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকদের তো ক্লাশরুমে থাকার কথা, ওনাদের তো মাঠে থাকার কথা ছিল না। যেই প্রতিশ্রুতি সরকার একবার দিয়েছে সেটি আদায় করতে আবার মাঠে নামতে হচ্ছে; এটি খুবই দুঃখজনক।
তাসনিম বলেন, এমনকি সংস্কার কমিশনের প্রস্তাব যেগুলো আছে, সেখানেও বাস্তবায়নের জন্য আলাদা করে কথা বলতে হচ্ছে। আলাদা করে তো কথা বলার কথা না। যেই পরিকল্পনা আমরা চিন্তা করছি বা যেই সংস্কার আসবে, যেটার ঐক্যমত আছে, সেটা আবার বাস্তবায়নের জন্য আলাদা করে আমাদের স্ট্যান্ড নিতে হবে, অথচ বাস্তবায়ন করার জন্যই কমিশন হয়েছে। এইযে ধারাবাহিকতা, যেখানে প্ল্যান হয় কিন্তু বাস্তবায়নের কোন রূপরেখা থাকে না, এটা দুঃখজনক। এটি অনেক ধরনের অস্থিতিশীলতা তৈরি করে।
এ সময় এনসিপির আরেক নেতা বলেন, আমাদের পক্ষ থেকে গত দেড় বছরে এই শিক্ষকদের ব্যাপারে আমরা সব মন্ত্রণালয়কে বলেছিলাম, তারা যেন নিজ আগ্রহেই শিক্ষকর সঙ্গে বসে আলোচনা করে সমাধান করে। এসব বিষয় নিয়ে আমরা সব উপদেষ্টাকেই অনুরোধ করছি। তারা যখন শুনছেন না তখন আমাদের তাদের পাশে এসে দাঁড়াতে হচ্ছে।
ভৈরবে ট্রেনে হা*মলার ঘটনায় মামলা: প্রতিবাদে মশাল মিছিল, সমাবেশ
আগামী শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারি পদ্ধতিতে: শিক্ষা মন্ত্রণালয়