ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ার পোতা গ্রামের মাঠ থেকে ইসাহাক আলী (৬৫) নামে এক কৃষকের হাত পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালের দিকে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ারপোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসাহাক আলী একই উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে ধান ক্ষেতের আইলে ইসাহাক আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। পরে তারা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত স্বজনদের দাবি, হত্যাকারীরা হাত পা বেঁধে ইসাহাক আলীকে হত্যা করেছে। এ ঘটনায় তারা মামলা করবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানায় নিহতের পরিবার ।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান জানান , ধারণা করা হচ্ছে পা বেধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ মামলা গ্রহণ করা হবে। সেই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযানে পুলিশ কাজ করছে।
