ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর এলাকায় এক নারীকে (২৫) ধর্ষণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় প্রদান করেন। একই সাথে তাদের প্রত্যেকে দেড় লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এই রায় প্রদান করা হয়। এ সময় আসামিদের মধ্যে একজন বাদে সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।

আসামিরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর বেপারী (৩৭) (পলাতক), কামরুল মৃধা (৩৭), আলী বেপারী (৪২) ও বক্কার ব্যাপারী (৬৭)।

এই মামলার আলামত নষ্ট করার দায়ে মমতাজ বেগম এবং আবুল কালাম বেপারী নামে দুই জনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১ অক্টোবর ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের চর দড়িকৃষ্ণপুর মেয়েটির বড় বোনের স্বামী জাহাঙ্গীর বেপারী রাত একটার দিকে কয়েকজনকে নিয়ে শ্বশুর বাড়িতে যায়। এরপর বোনের অসুস্থতার কথা বলে তাকে দরজা খুলতে বলে। মেয়েটি সরল মনে দরজা খুললে আসামি ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে ধর্ষণ শেষে হত্যা করে।

এরপর আসামি প্রকৃত ঘটনা আড়াল করে মেয়েটিকে কবর দিয়ে দেয়। মেয়েটির মায়ের এ বিষয়ে সন্দেহ তৈরি হলে তিনি ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালতে ধর্ষণ ও হত্যার দায়ে মামলা দায়ের করে।

রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত